

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় শালদীঘা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দাঙ্গা, মাদক ও জুয়া বিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাজ থেকে মাদক, জুয়া ও সামাজিক কোন্দল দূর করে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ র্যালির আয়োজন করা হয়।
শালদীঘা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ক্বারি নুরুল আলম সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি আব্দাল ওয়াদুদ তালুকদার আব্দাল।
এ ছাড়া শালদীঘা সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ র্যালিতে অংশ নেন।
র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাজ থেকে দাঙ্গা, মাদক ও জুয়া নির্মূল এবং সামাজিক শান্তি বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।
বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে সামাজিক কোন্দল ও দাঙ্গা-হাঙ্গামা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে। এসব অপরাধ ও সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন এবং তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা তরুণ সমাজকে মাদক, জুয়া এবং যেকোনো ধরনের সামাজিক সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজকল্যাণমূলক কাজে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
র্যালি শেষে সমাজ থেকে দাঙ্গা, মাদক ও জুয়া প্রতিরোধ এবং একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।