
বাংলার খবর ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমিতে হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের বাসিন্দা আইয়ুব খান একই এলাকার জামাল মিয়ার কাছে জমিতে হালচাষ বাবদ কিছু টাকা পেতেন। বুধবার সকালে তিনি পাওনা টাকা চাইতে গেলে জামাল মিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে ওই বিরোধ চরম আকার ধারণ করলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে সরাইল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে হালচাষের পাওনা টাকাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।