
মোঃ সুমন মিয়া, বাহুবল প্রতিনিধি:
হবিগঞ্জের খোয়াই নদীর ভাঙন রোধে স্থায়ী কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আবারও প্লাবিত হতে শুরু করেছে মিরপুর-ধুলিয়াখাল সড়কসংলগ্ন বিস্তীর্ণ এলাকা। নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে আশপাশের বাড়িঘর এবং ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় চরম আতঙ্ক ও দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র দুমাস আগেও খোয়াই নদীর ভাঙনে এ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সে সময় ভাঙনকবলিত বাঁধটি স্থায়ী ও টেকসইভাবে সংস্কার করা হয়নি বলে অভিযোগ রয়েছে। নামমাত্র সংস্কারকাজের ফলে অল্প সময়ের ব্যবধানেই একই স্থানে ফের নদীভাঙন দেখা দিয়েছে।
বর্তমানে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও বেড়েছে। এর প্রভাবে মিরপুর-ধুলিয়াখাল সড়কের পাশের বিভিন্ন বাড়িঘর ও কৃষিজমিতে পানি প্রবেশ করছে। ভাঙনের বিস্তার অব্যাহত থাকলে দ্রুতই আরও বড় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর আশঙ্কা, জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নদীভাঙনে বহু মানুষের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হতে পারে। একই সঙ্গে সড়কটির ক্ষতি হলে স্থানীয় যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধটি দ্রুত টেকসই ও মজবুতভাবে সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, স্থায়ী নদী রক্ষা ব্যবস্থা গড়ে তোলা হলে তারা নিরাপদে নিজ ভিটেমাটিতে বসবাস করতে পারবেন এবং প্রতিবছরের ভাঙন ও প্লাবনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের পাশাপাশি প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।