
আবু সায়েম মোহাম্মদ সা’-আাদাত উল করীম, জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকায় একটি বহুতল ভবনের ভাড়া বাসা থেকে ইসরাত জাহান মাম্মী (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সাততলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান মাম্মী দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাঁদের ১০ বছর বয়সী একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাত ও তাঁর স্বামী কাওসার আহমেদ শাওন প্রায় এক মাস আগে কলাবাগান এলাকার ইব্রাহিম হোসেনের সাততলা ভবনের পঞ্চম তলায় ভাড়া ওঠেন। শাওন শহরের বাগেরহাটা বটতলা এলাকায় একটি মনোহারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয়দের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে বিরোধ হতো। শনিবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয় বলে জানা গেছে। একপর্যায়ে শাওন দুই সন্তানকে একটি কক্ষে রেখে ইসরাতের সঙ্গে বিরোধে জড়ান বলে অভিযোগ রয়েছে।
পরে সকালে শাওন সন্তানদের কক্ষ থেকে বের করে দিয়ে বাসা থেকে চলে যান বলে স্থানীয়রা জানান। এরপর দুই শিশু তাদের মাকে পড়ে থাকতে দেখে জানালা দিয়ে চিৎকার করতে থাকে। স্থানীয়দের দৃষ্টি আকর্ষণের জন্য তারা জানালা দিয়ে পানি চাইতে থাকে বলেও জানা গেছে।
শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা বাসাটির কাছে গিয়ে দেখতে পান, মূল দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ১০ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার সিনহার ভাষ্য, তাঁর বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে বাবা তাঁকে ও তাঁর ভাইকে একটি কক্ষে রেখে দেন। সকালে দরজা খুলে দিয়ে বাবা বাইরে থেকে বাসার দরজায় তালা দিয়ে চলে যান বলে শিশুটি জানায়।
বাসার মালিক ইব্রাহিম হোসেন বলেন, ইসরাত ও তাঁর স্বামী প্রায় এক মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। ভাড়া দেওয়ার সময় তিনি জাতীয় পরিচয়পত্রের তথ্য নেননি। এ বিষয়টিকে নিজের ভুল বলেও স্বীকার করেন তিনি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।