

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
“শিক্ষিত অভিভাবক সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে প্রেমদাময়ী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
বিদ্যালয়ের সভাপতি উদয় শংকর দত্তের সভাপতিত্বে এবং জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেমদাময়ী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মনোজ কুমার মোদক, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ক্ষিতিশ রায়।
এ সময় সাংবাদিক রুবেল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষিত ও সচেতন অভিভাবক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।