
রিংকু দেবনাথ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন মোস্তফা কামাল বাবুল। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মোস্তফা কামাল বাবুল বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তিনি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন। সাম্প্রতিক সময়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন।
মোস্তফা কামাল বাবুল বলেন, “আমার বাবা মো. ওলিউল্লাহ আন্দিউড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করার লক্ষ্যে সারাজীবন কাজ করে গেছেন। সুখে-দুঃখে আমার বাবা সবসময় আন্দিউড়া ইউনিয়নবাসীর পাশে থেকেছেন, নিরলসভাবে কাজ করে গেছেন আন্দিউড়া ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য। বিগত দিনে তিনি ৩ বার নির্বাচন করেছেন। সেই ধারাবাহিকতায় আন্দিউড়া ইউনিয়নবাসীর উন্নয়নের লক্ষ্যে ও ইউনিয়নবাসীর সেবার জন্য আমিও কাজ করতে চাই। আন্দিউড়া ইউনিয়নের জনগণ সুযোগ দিলে তাদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
এদিকে স্থানীয়দের একাংশের মতে, নির্বাচনী পরিবেশ পুরোপুরি শুরু না হলেও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গণসংযোগ ইতোমধ্যে জোরদার হয়েছে। সেই ধারাবাহিকতায় মোস্তফা কামাল বাবুলের মাঠপর্যায়ের উপস্থিতি ভোটারদের নজর কাড়ছে।
উল্লেখ্য, মোস্তফা কামাল বাবুল উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক। বিগত দিনে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ছাত্রজীবন থেকেই ছাত্রদলের মাধ্যমে তিনি বিএনপির রাজনীতি শুরু করেন এবং মাধবপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।