
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
আইনজীবী জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান এবং পরে কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনপত্র জমা দেন। তাঁরা চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলেও কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় নির্ধারণ করেন। উল্লেখ্য, ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে এই প্যারোলে মুক্তির আবেদন করা হয়।