
ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তাঁদের তিন বছরের ছেলে শর্ণশিষ দত্ত, দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলি (৬৪) এবং ঢাকার সাভারের আহমেদ বাবু। দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট পরিবার নিয়ে ভারতে যান দেবাশীষ। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে গত ১৮ আগস্ট কলকাতায় ফিরে একটি হোটেলে ওঠেন তাঁরা। দেশে ফেরার প্রস্তুতির সময় গভীর রাতে হোটেলের এসি থেকে লাগা আগুনে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় কুষ্টিয়া ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অপর একটি লাশ ঝাড়খণ্ডের এক বাসিন্দার বলে শনাক্ত করা হয়েছে এবং বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন।