
হবিগঞ্জ প্রতিনিধি, বাংলার খবর
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চন্ডিছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ডাম্প ট্রাকও জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিছড়া চা বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকভর্তি বালুর ভেতর থেকে বস্তায় সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। চোরাচালান প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।