
আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি, বাংলার খবর
মালদ্বীপের রাজধানী মালের আল হুসেইন রেস্টুরেন্টে গত শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কুমিল্লার হযরত মাওলানা ফরায়জী সাহেব। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসভাপতি এমরান হুসেন তালুকদার, বাবুল হুসেন, ফারুক হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাঁকে ‘আপসহীন নেত্রী’ ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত করেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।