

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুটবল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
সংগঠনের সভাপতি ও সাংবাদিক হামিদুর রহমানের সভাপতিত্বে এবং অভিনেতা ইকবাল শাহ রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, চৌমুহনী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম, চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের সদস্য মুজাহিদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শাহ শিমুলসহ আরও অনেকে।
এ সময় মাসুদুর রহমান আকাশ, ইশতিয়াক রহমান নাকিব, শামীম, নিশাতসহ সংগঠনের সদস্য, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের সঠিক পথে রাখতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বর্তমানে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কারণে তরুণদের একটি অংশ বিপথগামী হচ্ছে। নিয়মিত খেলাধুলার আয়োজন এবং মাঠমুখী পরিবেশ তৈরি করা গেলে যুবসমাজকে এসব অপকর্ম থেকে দূরে রাখা সম্ভব।
বক্তারা আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এর মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। তাই প্রত্যন্ত এলাকার মাঠগুলো সচল রেখে তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান সোহাগ বলেন, “তরুণদের মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও খেলাধুলার প্রসারে আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
সংগঠনের সভাপতি সাংবাদিক হামিদুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু ফুটবল খেলা আয়োজন করা নয়; বরং এলাকার তরুণদের একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করা। মাঠে তরুণদের উপস্থিতি যত বাড়বে, মাদক ও অপরাধ থেকে তাদের দূরে রাখা তত সহজ হবে। চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তরুণদের সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে জার্সি হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন খেলোয়াড়রা। মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চৌমুহনীর তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং গড়ে উঠবে মাদকমুক্ত, সুস্থ ও প্রাণবন্ত একটি যুবসমাজ।