
স্টার নিউজ ডেস্ক, বাংলার খবর
প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে এবং আলাদাভাবেও আমন্ত্রণ রয়েছে। বন্ধু পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে এবং সমতার ভিত্তিতে গড়ে উঠবে। গত ১৭ বছর যেভাবে সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে সবকিছু করা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে আর বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও বৈঠকের বিষয়ে তিনি বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন এবং দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। ‘র’ প্রধানের এই বাংলাদেশ সফর কোনো গোপন বিষয় নয়।