

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল, ৪৩ কেজি গাঁজা ও ১০ লিটার ভারতীয় বাংলা মদ জব্দ করেছে। এ সময় মদসহ এক যুবককে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ির দুর্গম পাহাড়ি বনাঞ্চলে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারীরা ভারত থেকে গাঁজাগুলো এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল।
একই দিন বিকেলে চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আসামপাড়া বাজারে অভিযান চালিয়ে একটি ব্যাগে থাকা জারিকেন থেকে ১০ লিটার ভারতীয় বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় মো. এনাম খান (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের নিম্বর আলীর ছেলে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মাজার সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চা বাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা ও কাবেরী মেহেদী উদ্ধার করা হয়। এসব অবৈধ পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে বিজিবি সদা সতর্ক, সদা প্রস্তুত। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই লড়াই থামবে না।”
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি।