

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটকাট চকলেট ও বিস্কুট জব্দ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, একটি কাভার্ডভ্যানে ভারতীয় চোরাই পণ্য পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা পরিত্যক্ত কাভার্ডভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় কার্টনের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটকাট চকলেট ও বিস্কুট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার হওয়া মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।