

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ইটিপি (Effluent Treatment Plant) এর মাধ্যমে যথাযথভাবে শিল্পবর্জ্য নিষ্কাশন না করায় গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেডকে একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বয়লারের পানি কনডেনসার ছাড়া নিষ্কাশন করায় বিএইচএল পেপার মিলসকে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।