

রিংকু দেবনাথ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবু মিল্টন বৈদ্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়ধর হিরু।
এক অভিনন্দন বার্তায় জয়ধর হিরু বলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে মিল্টন বৈদ্যের নির্বাচিত হওয়া সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের বিষয়। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় জয়ধর হিরু আরও বলেন, মিল্টন বৈদ্য দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁর অবিচল আস্থা ও বিশ্বাস এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা তাঁর সাংগঠনিক সক্ষমতা ও মনোবলের পরিচয় বহন করে বলেও তিনি উল্লেখ করেন।
জয়ধর হিরু আশা প্রকাশ করেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পাশাপাশি তাঁর নেতৃত্বে সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে এবং সংগঠনটি সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন জয়ধর হিরু।