

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলমকে ডাকযোগে হুমকিমূলক চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন চেয়ারম্যান মীর খোরশেদ আলম।
স্ট্যাটাসে চেয়ারম্যান জানান, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তিনি জানেন না। কারও কোনো অভিযোগ বা দাবি থাকলে সরাসরি এসে কথা বলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভয়ভীতি বা হুমকি না দিয়ে পরিচয় প্রকাশ করে কথা বলার অনুরোধ করেন।
চেয়ারম্যান মীর খোরশেদ আলম বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনেছেন। ঘটনার সত্যতা একদিন প্রকাশ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
চেয়ারম্যানের দাবি, ডাকযোগে তাকে মোট ১২টি হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে। এসব চিঠিতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর পরিণতির ইঙ্গিত দেওয়া হয়েছে। চিঠিগুলোতে আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, প্রতিটি চিঠির সঙ্গে সাদা কাফনের কাপড়ের নমুনা পাঠানো হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি।
এ ঘটনায় মীর খোরশেদ আলম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জনপ্রতিনিধিকে ডাকযোগে হুমকির ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।