

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৫ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন চোরাকারবারি ভারত থেকে কয়েকটি বস্তায় করে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
বিজিবি জানায়, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সর্বমোট ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ৬ লিটার বাংলা মদ এবং পাঁচ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময়ে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়েছে।
জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানিয়েছে বাহিনীটি।