
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা পাখিগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখির মধ্যে রয়েছে ৩টি টিয়াপাখি, ৪টি শালিক, ৬টি ঘুঘু, ৬টি ডাহুক, ১টি কোড়া, ১টি বালিহাঁস এবং ৩টি ময়না।
অভিযান চলাকালে বন বিভাগের সদস্যরা পাখি শিকারীদের বাধার মুখেও পড়েন বলে জানা গেছে।
উদ্ধারের পর ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুরের কাটেঙ্গা বিলে অবমুক্ত করা হয়। এছাড়া টিয়া, শালিক, ঘুঘু ও ময়না পাখিগুলো সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে ছেড়ে দেওয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের রেঞ্জার মাহমুদ হোসেনসহ বন বিভাগের কর্মকর্তারা।
সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। বন ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন মাধবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরাসউদ্দীন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।
সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বন্যপ্রাণী শিকার, ধরে রাখা বা পালন করা আইনত দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত সব পাখিকে যথাযথভাবে তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
**ছবি:** যৌথ অভিযানে উদ্ধার করা ২৪টি বন্যপাখি।