
আখলাক উদ্দিন মনসুর, বাংলার খবর শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ফারুক মিয়া (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোররাতে চুনারুঘাট উপজেলার রানিরকুট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। পরে চুনারুঘাট থানার পুলিশের সহযোগিতায় আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকুট গ্রামের স্থানীয় সবুজ মিয়ার বাড়ি থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন ফারুক মিয়া। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।