
আনিসুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে হবিগঞ্জের মাধবপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোভার স্কাউটদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৫ জুন) সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পটে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোভার স্কাউটরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) অধ্যাপক মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন রোভার অঞ্চলের ফিল্ড অফিসার মোহাম্মদ গোলাম মাসুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. রাকিবুল ইসলাম এবং গীতা পাঠ করেন সুবীর কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন হবিগঞ্জ জেলা রোভার কমিশনার জাহির উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার দাস, জেলা রোভার লিডার জগদীশ দেবনাথ (উডব্যাজার) এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, রোভার স্কাউটিং তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাডভেঞ্চার ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দলগত কাজ, সমস্যা সমাধান এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা লাভের সুযোগ পায়।
তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের জাতীয় আয়োজন তরুণদের মাঝে ইতিবাচক চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিশেষ অবদান রাখবে।
পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পে অংশগ্রহণকারী রোভাররা বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের রোভার নেতা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।