
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ছাদ ধসে বিদ্যালয়ের দপ্তরী প্রকাশ দাস আহত হওয়ার ঘটনায় আদালতের হস্তক্ষেপে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
জানা যায়, ছাদ ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহি দাস স্বপ্রণোদিত হয়ে হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন দাখিল করেন।
আবেদনের শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপু দুটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করেন।
প্রথম আদেশে, হবিগঞ্জ জেলার সকল ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা আগামী সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় আদেশে, হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতি প্রদান করা হয়েছে।
এদিকে বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আদালতের এই নির্দেশনার ফলে জেলার ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহল আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।