

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে মত দিয়েছেন ক্রেতারা।
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
পরিদর্শনকালে তিনি পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে মূল্য পরিস্থিতি সম্পর্কেও মতামত নেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। আগের দিন কারওয়ান বাজার পরিদর্শনের পর মঙ্গলবার আরও দুটি বাজার ঘুরে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টির চিত্র দেখা গেছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে এবং জনগণের সন্তুষ্টির বিষয়ে সবসময় সজাগ রয়েছে। ব্যবসায়ীদের লাভ করতে হবে, তবে অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করা যাবে না।
মো. শরীফুল আলম বলেন, বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের তদারকি ও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় বিক্রেতারা জানান, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে।
বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন।
পরিদর্শনের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।