

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে হরষপুর রেলওয়ে স্টেশন বাজার এলাকায় স্থানীয় সরকার বিভাগ, উপজেলা প্রশাসন ও ধর্মঘর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর বিভিন্ন সুবিধা জনগণের মাঝে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
কর্মসূচির শুরুতে হরষপুর রেলওয়ে স্টেশন বাজার থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম ও বিচারিক প্রক্রিয়া নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ ফারুল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমেদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফারুক আহমেদ ফারুল বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ আদালতের দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন।”
ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া ও সুবিধাসমূহ তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের বিরোধ বা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির এ উদ্যোগ প্রাণবন্ত হয়ে ওঠে।