

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের প্রতিনিধিত্বকারী সংসদীয় আসনগুলোতে উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব বিএনপির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের এক সভায় গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে বিরোধী দলের ৭৯টি সংসদীয় আসনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তারকে সিলেট-৫ সংসদীয় আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও তিনি ঢাকা-১১ সংসদীয় আসনের দায়িত্বও পালন করবেন। ওই আসনের সংসদ সদস্য হলেন নাহিদ ইসলাম।
বিএনপির সংসদীয় দলের নেতারা মনে করছেন, এ উদ্যোগের ফলে বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রমের সমন্বয় বৃদ্ধি পাবে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার হবে এবং সংশ্লিষ্ট আসনগুলোর উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।