

চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বসতঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে।
শনিবার (৬ জুন) রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারী একই গ্রামের ওমানপ্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী বিউটি আক্তার (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে বিউটি আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে নিহতের বাবা-মা ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, বিউটি আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি আহম্মদাবাদ ইউনিয়ন ও আশপাশের এলাকায় একাধিক অপরাধমূলক ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সেসব ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কয়েক দিন আগে একই গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এছাড়া শুকদেবপুর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদ মিয়ার বাড়িতে সংঘটিত ডাকাতি এবং গাজীপুর ইউনিয়নের আলিনগর গ্রামে একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়ও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে।
আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, “পরপর কয়েকটি ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।