
নিজস্ব প্রতিবেদক :
বন, পরিবেশ ও কৃষি খাতের চলমান বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে সাংবাদিক মোস্তফা ইউসুফের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি প্রকাশিত কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন নজরে আসার পর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার সাংবাদিক মোস্তফা ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে দেশের বন উজাড়, বন্যপ্রাণী নিধন, পাহাড় ধ্বংস, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন এলাকার পরিবেশগত সংকট এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
মোস্তফা ইউসুফ তার পোস্টে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।
তিনি আরও জানান, চট্টগ্রামের যেসব এলাকায় বেশি বন উজাড় হয়েছে, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে ঈদের পর আবারও আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিক মোস্তফা ইউসুফের এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।