

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে আন্তঃইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফরিদুর রহমান, আনিছুল আবদাল শাহ লিটন, সাংবাদিক হামিদুর রহমান, প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুক, কামরুজ্জামান কামাল, রফিকুল ইসলাম মোল্লা ও রেখা রায়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ তৈরিতেও এ আয়োজন বিশেষ ভূমিকা রাখছে।