
মাধবপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, বিয়ার ও বিদেশি মদ জব্দ করেছে। হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পথে ভারত থেকে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে সরাইল ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এর ধারাবাহিকতায় হরষপুর বিওপির একটি টহল দল মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৯৯/২৪-এস এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অন্যদিকে সিংগারবিল বিওপির আরেকটি টহল দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিয়ার উদ্ধার করে। সীমান্ত পিলার ২০১৬/এমপি সংলগ্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে ধ্বংসের জন্য এসব আলামত ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।