বাংলার খবর ডেক্সঃ
হবিগঞ্জ জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামালও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার তারেক মাহমুদের দিকনির্দেশনা এবং মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হকের তত্ত্বাবধানে তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার (২৬ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সক্রিয় সদস্য জহির হোসেন (২৫) ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), নাহিদ মিয়া (২৪), কালু মিয়া (৪০) এবং সোহাগ মিয়া (৩৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে সোহাগ মিয়ার ভাঙারি দোকান থেকে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭৬০ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।