
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাত্রশিবিরসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নতুন করে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করেছে।
তিনি জানান, সাম্প্রতিক দুটি ঘটনা গুপ্ত রাজনীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীল ও এডিটেড ফটোকার্ডকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ছাত্রদল দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়ে আসছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না করে এবং কারও উস্কানিতে প্রতিক্রিয়া না জানায়। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে গণতান্ত্রিক ভাষায় সমালোচনা করার আহ্বান জানান।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, স্বাধীনতার চেতনায় গড়ে ওঠা বাংলাদেশে কোনো অপকর্ম করে কেউ রেহাই পাবে না। তাই অশ্লীলতা ও অপপ্রচার বন্ধ করে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তে সকল পক্ষ ইতিবাচক ভূমিকা রাখবে।