
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাসির (২৫) নামে ওই আসামিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম শহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত নাসির হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ নুর উদ্দিন। র্যাব-৯ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারগড়িয়া এলাকার বাসিন্দা। তিনি তার পরিচিত হাসন মিয়ার সঙ্গে সিএনজি যোগে সুরমা চা বাগানে বেড়াতে গিয়ে নির্জন স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তার সঙ্গী পালিয়ে গেলে তিনি একা পড়ে যান।
পরে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক বাগানের ভেতরের নির্জন স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং তার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান জোরদার করে।
এর আগে মামলার আরেকজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত নাসিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।