
দীর্ঘ সময় পর বকেয়া বেতন-ভাতাসহ অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়া।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চতুর্থ গ্রেড) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। একই সঙ্গে বিধি অনুযায়ী তাঁকে বকেয়া বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রাষ্ট্রপতির পুনর্বিবেচনায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করে সব ধরনের প্রাপ্য সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য, দেড় দশক আগে ডিএমপির ডিসি ও ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন কোহিনূর মিয়া। পরবর্তীতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে চূড়ান্তভাবে চাকরি থেকে অপসারণ করা হয়। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে তাঁর সেই বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে।