
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে আসছেন মোঃ মোত্তাকিম চৌধুরী। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন ও সেবায় নিজেকে উৎসর্গ করতে চান বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, মোত্তাকিম চৌধুরী একজন সমাজসেবক ও সুপরিচিত ব্যবসায়ী। পারিবারিকভাবে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় অর্থনৈতিক অবদান রেখে আসছে।
বর্তমানে তিনি আন্দিউড়া এলাকায় বসবাস করছেন এবং সেখান থেকেই তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন মুখ হিসেবে তিনি ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোত্তাকিম চৌধুরী বলেন, “আমি চেয়ারম্যান হয়ে আন্দিউড়া ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
সবমিলিয়ে, নতুন প্রার্থী হিসেবে মোত্তাকিম চৌধুরীর অংশগ্রহণ আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।