
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিরুন্ডা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল খেলা চলাকালীন সময় তুচ্ছ বিষয় নিয়ে মিটুন ও রাজু মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। এই ঘটনার জেরে সন্ধ্যার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে।
খবর পেয়ে লাখাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।