
সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ উল্লেখ করেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা রাখবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ বিষয়ে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই রায় কোনো দলের জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি মাইলফলক। তিনি দাবি করেন, আগের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজনৈতিক সুবিধার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন।
এর আগে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। পরে ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই সংশোধনী বাতিল ঘোষণা করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে।
পরবর্তীতে পুনর্বিবেচনার আবেদনের পর আপিল বিভাগ নতুন করে শুনানি নিয়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগের রায়কে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন।