

দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এবার সীমিত পরিসরে দুটি ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে। এর মধ্যে ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে ১০ মার্চ যমুনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেগুলো বাতিল করা হয়েছে।
প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান নিজের বাসায় পরিবারের সঙ্গে ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাকজমকপূর্ণ আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।