
বাংলাদেশ পুলিশ–এর মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকলে দল-মত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ সময় মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, যেকোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে।
ভার্চুয়াল সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্ত থেকে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরাও উপস্থিত ছিলেন।