
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জর লাখাই উপজেলায় নিখোঁজের একদিন পর ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম মনসুরা আক্তার। সে উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা কেনু মিয়ার মেয়ে। পরিবারের সদস্যরা জানান, ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রামের পূর্ব পাশের ‘ইসরাইলের বন্দ’ নামক এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শিশুটির গলায় নিজের পরনের কাপড় প্যাঁচানো ছিল। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক এবং সার্কেল এসপি শহিদুল হক মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই নৃশংস ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।