
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা পূর্ব পাড়া গ্রামে জমি ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে সংঘর্ষটি সংঘটিত হয়। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাটিহারা গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির পৈতৃক ও ক্রয়কৃত জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ওই জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের পানি নিষ্কাশনের একটি খাল প্রবাহিত ছিল। জমি ভরাটের ফলে পানির চলাচলের পথ বন্ধ হয়ে যায়। গ্রামবাসী বিকল্প নালা রাখার অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান।
এক পর্যায়ে আব্দুল কাদিরের লোকজন নির্মাণ কাজ শুরু করলে গ্রামের অপর পক্ষ বাধা দেয়। মহিবুর আলমের নেতৃত্বে একদল লোক প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মো. আখতারুজ্জামান ও এসআই মানিক সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ভিকটিমদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।