
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি উত্তম গোয়ালা (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত উত্তম গোয়ালা প্রতিবেশী হওয়ায় ভিকটিমের বাড়িতে নিয়মিত যাতায়াতের সুযোগ পেত। সেই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভিকটিমকে হয়রানি করে আসছিল।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৩ ডিসেম্বর পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে উত্তম গোয়ালা। একই বছরের ১৪ ডিসেম্বর রাতে একই কৌশলে পুনরায় ভিকটিমকে ধর্ষণ করা হয়।
পরবর্তীতে ভিকটিম বিবাহের প্রস্তাব দিলে অভিযুক্ত তা প্রত্যাখ্যান করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে তাড়িয়ে দেয়। এরপর ভিকটিম নিজে বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি উত্তম গোয়ালাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত উত্তম গোয়ালা জগদীশপুর গ্রামের অনিল গোয়ালার ছেলে।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।