
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে জরিমানা আদায় এবং মাটিবাহী দুটি ট্রলি জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই ইউনিয়নের আমানুল্লাহপুর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাটিকাটার কাজে ব্যবহৃত স্থানীয় মেলু মিয়ার মালিকানাধীন দুটি মাটিবাহী ট্রলি জব্দ করা হয়। পরে ঘটনার সত্যতা যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশ, ফসলি জমি এবং রাস্তাঘাটের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। জনস্বার্থ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গভীর রাতে প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।