

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারের সুযোগ তৈরির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিটিভির মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে বলা হয়, নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারণা নির্বাচনী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫ অনুসারে বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের প্রধানদের নির্বাচনী বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ দেওয়া হবে। লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ, স্লটের মেয়াদ ঠিক করা এবং প্রচারণা রেকর্ডিংয়ের সময় ও তারিখ সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব বিটিভিকে দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন পাওয়ার ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন না পাওয়ায় বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটকে সামনে রেখে নির্ধারিত সময় পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।