
২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু কবে—এ নিয়ে মুসলিম বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।
জ্যোতির্বিদরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসাবে এসব দেশে রমজানের প্রথম দিন শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।
আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ বলেন, ইসলামি বিশ্বের অধিকাংশ অঞ্চল থেকে ১৭ ফেব্রুয়ারি খালি চোখে, টেলিস্কোপ কিংবা আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা প্রায় অসম্ভব। কারণ ওই দিন চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থানে থাকবে এবং অনেক এলাকায় সূর্যের আগেই বা একই সময়ে অস্ত যাবে।
তিনি আরও জানান, যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে মাস ঘোষণা করে, সেসব দেশে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিনে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব দেশে আবহাওয়া ও স্থানীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি অথবা ২০ ফেব্রুয়ারি।
জ্যোতির্বিদরা আরও জানিয়েছেন, ওই সময় একটি বলয়াকার সূর্যগ্রহণ সংঘটিত হবে, যা চাঁদ দেখাকে আরও কঠিন করে তুলবে। এ কারণে ওই দিন চাঁদ দেখার বিষয়ে বিভ্রান্তিকর দাবি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যেসব অঞ্চলে চাঁদ সূর্যের আগে বা একই সময়ে অস্ত যায়, সেখানে ওই দিন চাঁদ দেখার দাবি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। তাই নির্ভরযোগ্য সূত্র ও সরকারি ঘোষণার ভিত্তিতেই রমজান শুরুর সিদ্ধান্ত গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তারা।