

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটারগান ও নয় রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়ন অধীন আজমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের আশঙ্কা থাকায় সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে দীর্ঘদিন ধরে টহল ও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিশেষ অপারেশন ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ছয় মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকা থেকে একাধিক বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে।