
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগের পর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে আইসিসি।
গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়, নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য বিসিবির অনুরোধ আমলে নেয়নি আইসিসি এবং বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, সে বিষয়ে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে। আইসিসি বাংলাদেশের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আইসিসি জানিয়েছে, ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত স্বাগত জানানো হবে এবং তা যথাযথভাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে বিসিবির উত্থাপিত বিষয়গুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।
বিসিবি আরও জানায়, বোর্ড কখনোই কোনো চূড়ান্ত আল্টিমেটাম দেয়নি। আইসিসি ও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক ও পেশাদার আলোচনার মাধ্যমে এমন একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর চেষ্টা চালানো হবে, যাতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।