
বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে একজন চিহ্নিত মোবাইল চোর ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম হাসান মিয়া (২৮)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল আনুমানিক ৪টার দিকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মোবাইল চোর ও ছিনতাইকারী সেখানে অবস্থান করছে। এমন সংবাদের পর তাৎক্ষণিকভাবে প্ল্যাটফর্মে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে প্ল্যাটফর্ম এলাকা থেকে হাসান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান মিয়া মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউনুস মিয়া।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নোয়াপাড়া রেলওয়ে পুলিশ। রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানানো হয়।