
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সম্পাদক, বার্তাপ্রধান ও শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সভায় দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের জন্য লজ্জাজনক। শুধু দুঃখ প্রকাশ যথেষ্ট নয়, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমের ওপর ব্যাপক চাপ ও নিপীড়ন ছিল। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, কারাবরণ, মালিকানা পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিএনপির শাসনামল তুলনামূলকভাবে গণমাধ্যমের জন্য স্বস্তিদায়ক ছিল এবং ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দলটির দায়িত্ব রয়েছে।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বড় কোনো মিডিয়া হাউসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, সমালোচনা ও মতপ্রকাশকে সুস্থ ধারায় পরিচালনার জন্য রাজনৈতিক দল ও গণমাধ্যম উভয় পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। তিনি বিএনপির প্রতি আহ্বান জানান, ক্ষমতায় গেলেও যেন গণমাধ্যমের সমালোচনা গ্রহণের মানসিকতা বজায় থাকে।
সভায় উপস্থিত সাংবাদিকরা নিয়মিত সময় পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের প্রস্তাব দেন এবং গণতান্ত্রিক পরিবেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।