পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে শায়েখ আব্দুর রউফ (বড় হুজুর) রহ.-এর স্মৃতি বিজড়িত সিংহগ্রাম ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ঐক্য পরিষদের উদ্যোগে মক্তব ভিত্তিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
হাফেজ শোয়েব আহমদের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা সুহাইল আহমদের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক হযরত মাওলানা মুফতি আইনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হযরত মাওলানা হাফেজ ত্বহা হুসাইন, সাধারণ সম্পাদক হাফেজ কারী বোরহান উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় ওলামায়ে কেরাম, তোলাবা ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
সিংহগ্রামের ১০টি মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ীরা হলেন:
- প্রথম: মোছাঃ হাফসানা আক্তার (কাজী বাড়ির মক্তব)
- দ্বিতীয়: মোঃ তানজিল আহমদ (মোল্লা হাটি মক্তব)
- তৃতীয়: মোছাঃ নোহা আক্তার (আছিব আলী মক্তব)
বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। বিশেষ আকর্ষণ ছিল প্রথম তিন মক্তবের ওস্তাদদের সম্মাননা প্রদান।
প্রধান মেহমান হযরত মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানটি আধ্যাত্মিক আবহে সমাপ্ত হয়।